বাংলার ভোর প্রতিবেদক :
যশোর উপশহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে শহরের ঘোপ কবরস্থান এলাকা থেকে বিদেশি মদসহ ওমর শরীফ রাজাকে (৪৬) আটক করেছে।
আটক ওমর শরীফ রাজা ঘোপ কবরস্থান এলাকার বাসিন্দা। এর আগেও একবার রাজা বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়েছিলো।
উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তারা গোপনে সংবাদ পান ঘোপ কবরস্থান এলাকায় মৃত আব্দুল লতিফের বাড়ির নিচে বারান্দায় কতিপয় ব্যক্তি বিদেশি মদ কেনাবেচার জন্য অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় রাজাকে আটক করা হয়।
অজ্ঞাত আরো ২/৩ জন আসামি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আসামি রাজার স্বীকারোক্তি অনুযায়ি তার ঘরের খাটের উপর থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
বিদেশি মদ উদ্ধার ও আসামি রাজা আটকের ঘটনায় কোতয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) ৪১ ধারার অপরাধে মামলা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন আরো জানান, আটকের পর রাজা দীর্ঘদিন ধরে বিদেশি মদ কেনা বেঁচার কারবার করছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
