বাংলার ভোর প্রতিবেদক :
বিশ্বব্যাপী পোলিও নির্মূল ও শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা ও সামাজিক কর্মসূচির আয়োজন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ (যশোর জোন)।
আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে আগামীকাল শনিবার বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হবে। শুক্রবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন পোলিও নাও প্রোগ্রাম চেয়ারম্যান ডেপুটি কো-অর্ডিনেটর (এডমিন) কাজী আজিজুর রহমান রনি।
তিনি বলেন, পোলিও নির্মূলে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় হলেও বৈশ্বিক ঝুঁকির কারণে অসচেতন থাকার সুযোগ নেই। বিশ্ব থেকে এ রোগ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এ ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আয়োজকরা জানান, শনিবার বিকেল ৪টায় বিডি হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের দড়াটানা, চিত্রার মোড় ও মাইকপট্টি সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউটের সামনে টাউন হল ময়দানে গিয়ে শেষ হবে।
বক্তারা জানান, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পোলিও নির্মূলের উদ্যোগ নেয়ার পর থেকে পোলিও সংক্রমণ ৯৯ দশমিক ৯ শতাংশ কমেছে। পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোর জোনের প্রতিটি ক্লাব ও সদস্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশের যশোর জোনের কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, ডেপুটি কোঅর্ডিনেটর মেম্বারশিপ রোটারিয়ান সোনিয়া ইসলাম, রোটারিয়ান রাজু আক্তার ডেপুটি কোঅর্ডিনেটর পার্টনার ইন সার্ভিস সেলিম রেজা বাবুল এসিস্ট্যান্ট কো অর্ডিনেটর ও রোটারিয়ান রবিউল ইসলাম। এ ছাড়া যশোর জোনের বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, রিপসা টিমের সদস্য, রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
