বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওরফে রেজা মোল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন গাজী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আসাদুলের নেতৃত্বে হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার উপপরিদর্শক রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রেমবাগ এলাকায় অভিযান চালায়।
এ সময় উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার পথে বিএনপির ওই তিন নেতার নেতৃত্বে তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হাফিজুর রহমানকে ছিনিয়ে নিয়ে যান।
অভিযান পরিচালনাকারী এসআই রায়হান জানান, গ্রেফতার করা আসামিকে থানায় নিয়ে আসার সময় হামলাকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে অভয়নগর থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ছিনিয়ে নেয়া আসামিকে পুনরায় গ্রেফতার এবং হামলায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
