মাগুরা সংবাদদাতা :
মাগুরায় চাঞ্চল্যকর সাকের হোসেন হত্যা ও স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তারের পর মাগুরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেনকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন লাড্ডুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মাগুরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিয়ন সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে সাকের হোসেন হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনায় মোঃ মারুফ হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়নের নেতৃবৃন্দ জরুরি সভায় বসে তাঁর সাংগঠনিক দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেন।
সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোঃ মারুফ হোসেন ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না। পাশাপাশি ইউনিয়নের সদস্যদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন লাড্ডুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। জরুরি সভায় নেওয়া এসব সিদ্ধান্ত ৫ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ জানান, ইউনিয়নের সকল সদস্যের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইউনিয়নের দপ্তর সম্পাদক ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মামলার অভিযোগ ও পুলিশের বক্তব্যের ভিত্তিতে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
