নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকা চরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী শিমুল মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস এম ছায়েদুর রহমান।
সভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, বর্তমান প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসক কামরুল ইসলাম, আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার হোড়, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নায়েব আলী, প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক অধ্যাপক মলয় নন্দী, জাহিদুল ইসলাম, আমিনুল হক, হুমায়ুন কবির, সুশান্ত কুমার ঘোষ ও শাহ আলমসহ অনেকে।
বক্তারা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহিম বলেন, মানুষ মৃত্যুর পরও তার ভালো কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকেন। শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে পিতৃতুল্য অভিভাবক।
আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
