বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে প্রায় কোটি টাকার মাটি কিনে মজুদ করেছে খাজুরার বহুলালোচিত অবৈধ লায়ন ইটভাটা। দিন-রাত মাটিভর্তি বেপরোয়া ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচলে খাজুরা বাজার-ধর্মগাতী ও পার্বতীপুর চৌরাস্তা-দলেননগর রাস্তার বিভিন্নস্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে সদ্য সংস্কার করা জনগুরুত্বপূর্ণ পিচের রাস্তা দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মাটিখেকো চক্র ও অভিশপ্ত এই ইটভাটা মালিক ইসহাক সরকারের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। তবে তারা প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় ভয়ে কেউ কিছুই বলতে পারছেন না।
বুধবার দুপুরে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের ধর্মগাতী এলাকায় অভিযান চালিয়ে জিহাদ গাজীর ছেলে খিলাত গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। এর আগে মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা নামতেই একের পর পর মাটিভর্তি ড্রাম ট্রাক ও ট্রাক্টর বাঘারপাড়া উপজেলা খাজুরা বাজার ব্রিজঘাটে পুরাতন লায়ন ব্রিকস ও কেশবপুর শান্তির মোড় বাজার সংলগ্ন নতুন লায়ন ব্রিকসে ঢুকছে। মাটির উৎস জানতে পিছু নেওয়া হল ট্রাক্টরের।
একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের ধর্মগাতী কাপালীপাড়া ও সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেল ৫টি এক্সকাভেটর দিয়ে চিত্রা নদীর পাড়ের মাটি কেটে ট্রাক ও ট্রাক্টর ভর্তি করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, শুধু রাতের আঁধারেই নয়; দিনে-দুপুরেও চিত্রা নদীর পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে। যা একটি সিকিন্ডেটের মাধ্যমে চলছে। ধরাছোঁয়ার বাইরে থেকে এটির নিয়ন্ত্রণ করছেন অবৈধ লায়ন ব্রিকস-এর মালিক ইসহাক সরকার।
এ কাজে তার বড় ছেলে রাজু আহম্মেদকে সব ধরনের সহযোগিতা করছেন বন্দবিলা ও লেবুতলা ইউনিয়নের বেশ কয়েকজন বিতর্কিত রাজনৈতিক নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংঘবন্ধ এই চক্র মিলে অসাধু মাটি ব্যবসায়ী দর্গাহপুরের আশরাফুল, ভদ্রডাঙ্গার রতন, লেবুতলার কবির ও পাঁচবাড়িয়ার ইকরামুলের সঙ্গে যোগসাজশে মাটি ক্রয় করে ইটভাটায় মজুদ করছেন। এই সিকিন্ডেটের প্রলোভনে পড়ে চিত্রা নদীর ওপরের জমির মালিকানা দোহাই দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি পাড়ের মাটি বিক্রি করে দিয়েছেন।
প্রতি গাড়ি মাটি ১৩০ টাকা করে কিনে ইটভাটায় পৌঁছাতে মাটি ব্যবসায়ীদের খরচ হচ্ছে ৮শ’ টাকা। আর লায়ন ব্রিকস ১ হাজার ৫শ’ টাকা করে কিনে নিচ্ছে। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ৫টি এক্সকাভেটরের প্রতিটি ১৫০-২০০ গাড়ি পর্যন্ত মাটি কাটছে। মাটি ব্যবসায়ীদের মধ্যে যারা মৌসুমে নতুন ইট নেওয়ার শর্তে মাটি দিচ্ছেন, তাদের কাছে গাড়ি প্রতি দাম ধরা হচ্ছে ১ হাজার ৭শ’ টাকা। এ পর্যন্ত অবৈধ লায়ন ব্রিকস প্রায় কোটি টাকার মাটি মজুদ করেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনিক ঝক্কি-ঝামেলা না থাকায় মাটি বিক্রির প্রলোভনে পড়ে খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এনায়েতপুর ব্রিজ-জহুরপুর ও কাঠামারা পর্যন্ত চিত্রা নদী পাড়ের জমি ব্যক্তি মালিকানা দোহাই দিয়ে মাটি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকেই। ঘোপদূর্গাপুর, ধর্মগাতী, পার্বতীপুর, যাদবপুর, মাঝিয়ালী, জহুরপুর, দলেননগর ও কাঠামারা এলাকায় চলছে এই দৌরাত্ম।
এসব মাটিও কিনতে দৌঁড়ঝাপ শুরু করেছেন লায়ন ব্রিকসের মালিক ইসহাক সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষক বলেন, ‘চারটি শিক্ষা প্রতিষ্ঠানের গাঁ ঘেষে গড়ে ওঠা লায়ন ভাটা পরিবশে অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর বছর চলছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।’ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলতি শিক্ষার্থীরা জানায়, ইটভাটার দ্রুতগামী ট্রাকের কারণে একা একা স্কুলে আসতে ভয় লাগে।
ছুটির পর পথে চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার কয়েকজন ছাত্রী সঙ্গে কথা হলে তারা বলে, লায়ন ইটভাটার সবচেয়ে কাছে তাদের মাদরাসা। ভাটার ধোঁয়া ও ট্রাকের ধুলায় জানালা বন্ধ করে ক্লাস করতে হয়। শীতকালে খুব ধুলা হয়। একদিনের বেশি জামা-কাপড় পরা যায় না। স্থানীয় বাসিন্দা মুকুল বলেন, ‘যতদিন ইটভাটা বন্ধ না হবে ততদিন দুর্ভোগ কমবে না এই অঞ্চলের মানুষের।’ এদিকে,অভিযুক্ত লায়ন ব্রিকসের মালিক ইসহাক সরকার মাটি ক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘আমি সরকারি কোনো মাটি ইটভাটার জন্য কিনিনি। জমির মালিকদের কাছ থেকে মাটি কিনেছি।’ বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু জানান, অভিযান চালিয়ে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ‘নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
