সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় সোমবার তালা থানায় দণ্ডবিধির ৩৬৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ এবং মতিউর হোসেন মোরসালিন। সোহেল যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। অপর আসামি মতিউর তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের বাসিন্দা এবং তেঁতুলিয়া বাজারে সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশেম সরদার দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার দোকানে যান। একপর্যায়ে তারা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
