বাংলার ভোর প্রতিবেদক :
পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের প্রতিপক্ষ বানানোর প্রবণতা থেকে বেরিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, পুলিশ হবে জনগণের বন্ধু। সাধারণ মানুষ যেন পুলিশের কাছে নিরাপত্তা ও আস্থার জায়গা খুঁজে পায়, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শনিবার যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ছয়তলা ফাউন্ডেশনের ভবনটি ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে চারতলা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশের সঙ্গে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে। বাহিনীটিকে রাজনৈতিক ক্যাডার ও জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সুচিন্তিত।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। কিন্তু প্রধানমন্ত্রী কোথাও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেননি।
পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আগামী দিনে পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ পুলিশকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবতে পারে।
কোতয়ালি থানার ঐতিহ্যের কথা স্মরণ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মহান মুক্তিযুদ্ধে এই থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সারা দেশে মব কালচারের মাধ্যমে বিভিন্ন থানা লুটপাটের ঘটনা ঘটলেও যশোরে বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে কোতয়ালি থানার সুরক্ষা নিশ্চিত করেছিলেন।
তিনি বলেন, বিগত দেড় দশকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দলীয় নেতাকর্মীদের অনেক দুঃখ-বেদনা থাকলেও তারা উপলব্ধি করেছিলেন, একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী অবিচ্ছেদ্য অংশ। তাই প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে সুরক্ষা দেওয়া এবং দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
নতুন ভবন নির্মাণের ফলে উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশে পুলিশ সদস্যরা জনগণকে আরও ভালো সেবা দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্মাণকাজের মানের সঙ্গে কোনো আপস না করে ভবন নির্মাণ সম্পন্ন করতে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কঠোর নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যশোরে কোনো সরকারি স্থাপনার নির্মাণকাজের মান নিয়ে আপসের কথা তিনি শুনতে চান না। পাশাপাশি কোতয়ালি থানার পুরোনো ভবনে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের যে স্মৃতিচিহ্ন রয়েছে, নতুন ভবন নির্মাণের পর থানা চত্বরে তা সংরক্ষণে পৃথক উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
