নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলার ২ নং পুরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুর রহমান শিপলুর বক্তব্য প্রযুক্তির মাধ্যমে এডিট করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সোমবার রাতে এক ভিডিও বার্তায় সাইফুর রহমান শিপলু এ প্রতিবাদ জানান।
ভিডিও বার্তায় সাইফুর রহমান বলেন, গত ২২ নভেম্বর এলাকাবাসীদের নিয়ে তার নির্বাচনী কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গন্ডগোল-ফ্যাসাদ লেগে ছিল। গত তিন মাস আগে সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এলাকার গন্ডগোল মিটিয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে বলেছেন।
তিনি বলেন, আমি তারই ধারাবাহিকতা বজায় রাখতে এলাকাবাসীকে শান্ত থাকতে বলেছি। বক্তব্যের একপর্যায়ে বলেছি, যে যার পছন্দমতো রাজনৈতিক দল সমর্থন করতে পারেন। কিন্তু কেউ কাউকে আঘাত করে কোনো কথা দয়া করে বলবেন না।
সাইফুর রহমান বলেন, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষ যেন আশপাশে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো সংঘাত না করে। সবাই যেন শান্তি বজায় রাখে। কিন্তু একটি কুচক্রী মহল আমার বক্তব্য প্রযুক্তির মাধ্যমে এডিট করে অপপ্রচার চালাচ্ছে। আমাকে এলাকায় হেয় প্রতিপন্ন করতেই এ অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রিয় এলাকাবাসী, আপনারা ওই কুচক্রী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। জাহাঙ্গীর আলমের নির্দেশনা মোতাবেক এলাকায় শান্তি বজায় রাখতে আমি চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে, সেই কাজ করবো। আমি ওনার বাইরের কেউ না, জাহাঙ্গীর আলমেরই একজন সৈনিক।
