মাগুরা সংবাদদাতা :
কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও যথাসময়ে সার পৌঁছে দেয়া, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে মাগুরায় বিসিআইসি, বিএডিসি ও নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন মাগুরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক জসীম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ জেলার সরকার অনুমোদিত সার ডিলারগণ।
সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা রহমান।
সভায় জানানো হয়, মাগুরা জেলায় বর্তমানে বিসিআইসি সার ডিলার ৩৮ জন, বিএডিসি সার ডিলার ৭৩ জন এবং নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলার রয়েছেন ৩৬ জন।
সভায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সার মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
