বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘাপাড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের বিলবোর্ড ও ফেস্টুন ছেঁড়ে ফেলা হয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। গত বুধবার উপজেলার বন্দবিলা ইউনিয়নের এ ঘটনা ঘটেছে।
রাতের আঁধারে পুলেরহাট ও ভাটারআমতলা বাজারসহ যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার থেকে সীমাখালী বাজার পর্যন্ত বেশ কয়েকটি স্থানের বিলবোর্ড ও ফেস্টুন ছেঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এর ওপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছবি রয়েছে। ডান দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বামে রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি। তার নিচে থাকা শামীম আকতারের ছবি কে বা কারা ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে ফেলেছে।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. ..
রাসেল আহমম্মেদ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, বাঘারপাড়ার মানুষ এত বোকা নয় যে শামীমের ছবি ছিঁড়ে ফেললে তার জনপ্রিয়তা কমে যাবে। এতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। বন্দবিলা ইউনিয়নের কৃতি সন্তান শামীম তার কাজের মাধ্যমে মানুষের মনে স্থায়ী আসন গড়েছেন।
বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো বলেন, রাজনীতিতে গ্রুপিং থাকতে পারে, তবে রাতের আঁধারে কাপুরুষের মতো কোনো সম্মানিত ব্যক্তির ব্যানার ছেঁড়া বা নষ্ট করা রাজনৈতিক শিষ্ঠাচারের মধ্যে পড়ে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি করছি।
জানতে চাইলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিলবোর্ড লাগানো হয়েছিল। সেখান থেকে আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। সকলকে হীনমন্যতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে বাঘারপাড়া বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহবান জানান এই নেতা।

