কেশবপুর সংবাদদাতা
ক্রীড়াঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে যশোরের কেশবপুর উপজেলা। “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কেশবপুর উপজেলার খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক শিরোপা ও পদক অর্জন করেছে। তাদের এই সাফল্যে কেশবপুরবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রতিযোগিতায় কেশবপুর উপজেলার বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্যাডমিন্টন খেলায়ও কেশবপুরের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বালিকা এককে দিঘী অধিকারী চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বালিকা দ্বৈত বিভাগেও দিঘী অধিকারী ও স্বর্ণারী সাহা জুটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। একই সঙ্গে দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে দিঘী অধিকারী প্রথম স্থান লাভ করে।
অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌঁড়ে সানজিদা প্রথম স্থান অর্জন করেন এবং দীর্ঘ লাফে মুক্তা মন্ডল প্রথম হয়ে কেশবপুরের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেন।
সাঁতার প্রতিযোগিতার চিৎ সাঁতার বালক বিভাগে মাহমুদ হাসান দ্বিতীয় স্থান এবং বুক সাঁতার বালিকা বিভাগে তাসনিম সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন।
মার্শাল আর্ট বিভাগের কারাতে বালিকা ৪৫ কেজি বিভাগে সাথী সেন তৃতীয় স্থান লাভ করেন।
তায়কোয়ানডোতে বালিকা+৪৫ কেজি বিভাগে মুন্নী দত্ত দ্বিতীয়, বালিকা -৪৫ কেজি বিভাগে সুরাইয়া ইয়াসমিন দ্বিতীয়, বালক +৪৫ কেজি বিভাগে সোহানুর রহমান দ্বিতীয় এবং বালক -৪৫ কেজি বিভাগে রাতুল দাস প্রথম স্থান অর্জন করেন।
উল্লেখ্য, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সার্বিক তত্ত্বাধানে থানা প্রেসক্লাবের সচিব মনজুরুল ইসলাম ডাবলু। উপজেলার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য এবং স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বরা খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার এমন সাফল্যে সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুরবাসী। একই সঙ্গে কেশবপুর থানা প্রেসক্লাব-এর পক্ষ থেকেও জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, কেশবপুরের এই অর্জন আগামী দিনে উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে।
ভবিষ্যতেও কেশবপুর উপজেলার খেলোয়াড়রা আরও বড় বড় সাফল্য অর্জন করবে এবং জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

