বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছার চিহ্নিত মাদক কারবারি শামসুল হককে পৃথক দুই ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শামসুল হক উপজেলার সুখপুকুরিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুর রহমান।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শামসুল হক তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে রেখেছেন। পরে তাৎক্ষণিকভাবে একটি টিম তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের এসআই এসএম শাহীন পারভেজ বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান শামসুল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে এক ধারায় শামসুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপর ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

