বাংলার ভোর প্রতিবেদক
যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য এবং দৈনিক ইত্তেফাকের যশোর অফিস প্রধান ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রী লতিফা পারভীন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা ও দাফন ঢাকায় সম্পন্ন হবে।
সাংবাদিকনেতা ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর অকাল মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পৃথক শোক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতিসহ বাংলার ভোর পরিবারের সদস্যরা লতিফা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

