বাংলার ভোর প্রতিবেদক
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের ভোলা ট্যাংক রোডস্থ ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম বক্তব্য রাখেন। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষা করাই ফায়ার সার্ভিসের মূল দায়িত্ব। সততা ও নিষ্ঠার কারণে এ বাহিনী আজ দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার সার্ভিস সর্বদা মানুষের পাশে রয়েছে। পাশাপাশি জনগণের ভালোবাসা ও আস্থার কারণে অনেক সময় মূল দায়িত্বের বাইরেও মানবিক কাজে যুক্ত হতে হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহম্মেদ, ইন্সপেক্টর আবু ইউসুফ পান্না, লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যশোর জেলায় গত ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঘটে যাওয়া দুর্ঘটনা ও ফায়ার সার্ভিসের অর্জনের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়।
অগ্নিকাণ্ড ও উদ্ধার:
বিগত এক বছরে জেলায় মোট ৩৮৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৩ কোটি ৮২ লক্ষ ৮৬ হাজার টাকা। তবে ফায়ার সার্ভিসের সময়োপযোগী তৎপরতায় ১৩ কোটি ৩৩ লক্ষ ৩৯ হাজার টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এসব ঘটনায় ২ জন আহত হন।
সড়ক ও অন্যান্য দুর্ঘটনা:
জেলায় বছরজুড়ে মোট ৩৮৬টি দুর্ঘটনা ঘটে। এতে ৪৩২ জন আহত এবং ৩৯ জন নিহত হন। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্যোগে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে প্রেরণ করা হয়।
মহড়া ও সচেতনতা:
ফায়ার সার্ভিস বছরজুড়ে ৩৫৬টি গণসংযোগ এবং ৩৪৫টি টপোগ্রাফি সম্পন্ন করে। এছাড়া শপিং মল, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৬৮টি মহড়া অনুষ্ঠিত হয়।
মৌলিক প্রশিক্ষণ:
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে ৬৬টি কর্মসূচির মাধ্যমে মোট ৩,৭০১ জনকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
অ্যাম্বুলেন্স সেবা:
গত বছরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স টিম ১৭৮টি কলে সাড়া দিয়ে ১৫০ জন রোগীকে সফলভাবে হাসপাতালে স্থানান্তর করে।

