বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় বিয়ের মাত্র ছয় মাসের মাথায় রানী খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী লিজন রেজা পলাতক রয়েছেন।
নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনি পৌর এলাকার ডাংকবাংলো পাড়ায় সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। তার স্বামী লিজন রেজা (৩৬) মেহেরপুর সদর উপজেলার টুংগী এলাকার সদর আলীর ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লিজন রেজা তার শাশুড়ি আম্বিয়া খাতুনকে ফোন করে জানান, রানী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে যশোর হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে রানীর মা ঘটনাস্থলে এসে মেয়েকে বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রানীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

