কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে ১২০ জন প্রান্তিক খামারিকে নিয়ে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে যশোর-১ অঞ্চলের কেশবপুর এলাকার সাগরদাঁড়ি শাখার ওই খামারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
একইসাথে অ্যানথ্রাক্স টিকাদান কার্যক্রম পরিচালনা এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ভৈরব বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন এবং শাখা ব্যবস্থাপক নিজাম উদ্দিন।
কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধান করেন এক্সটেনশন অফিসার উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএসপি সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশিক্ষণে গবাদি প্রাণির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, অ্যানথ্রাক্সসহ সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

