বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার বিকেলে এ মিছিল করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজারে অবস্থান নেয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে হেফাজতে নিয়েছে। তারা হলেন জিহাদ হাওলাদার, ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তন্ময়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল বের হয়। দাবি করা হচ্ছে, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিকেল ৪টার দিকে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা শেখ হাসিনা এবং উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয় বলে তিনি জানান।
ঘটনার পর বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ বলেন, “শান্ত বাঘারপাড়াকে অশান্ত করার কোনো অপচেষ্টা মেনে নেয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিরোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”
এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন, “পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

