বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলার শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে শার্শা থানা পুলিশ জানায়, গত ৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেনের ধানখেত থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ফেলে যাওয়া একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন ব্যক্তি কৌশলে পালিয়ে যান। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
