বাংলার ভোর ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ আটকা পড়ে ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, ভূমিকম্পের পরপরই দেশটির বিরোধী রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিখোঁজ ব্যক্তিদের তথ্য নথিভুক্ত করার জন্য একটি লিংক বা ওয়েবসাইট চালুর পর এই বিশাল সংখ্যক মানুষের নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসে। ওই লিংকে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন তাদের স্বজনরা।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সংখ্যাটি শুধুমাত্র সেইসব ব্যক্তিদের কাছ থেকে এসেছে যারা ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন এবং ভেনিজুয়েলার কর্তৃপক্ষের কাছে নিখোঁজদের সম্পর্কে খবর দিতে সক্ষম হয়েছেন। ফলে বাস্তব ক্ষেত্রে নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে জাতীয় পর্যায়ে জরুরি ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত চিত্র পেতে আরো সময় লাগবে।
এদিকে উদ্ধারকর্মীরা ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।
অন্যদিকে, বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া প্রিয়জনদের উদ্ধারের আশায় ব্যাকুল হয়ে এদিক-ওদিক ছুটছেন। আতঙ্কগ্রস্ত অনেক বেঁচে যাওয়া মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
অনেকে অভিযোগ করেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের অনেকে জীবিত থাকলেও তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ।
এরআগে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন।
ক্ষয়ক্ষতির পূর্বাভাস সংক্রান্ত গাণিতিক মডেল ব্যবহার করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, এমনকি এই সংখ্যা ১০ হাজার পার হওয়ারও বড় ধরনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স

