জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনলাইন পোর্টালে প্রকাশিত চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কথিত সাংবাদিক শামীম হোসেন কোনো প্রমাণ ছাড়াই তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
বিএনপি নেতাদের বক্তব্য বা অনুমতি ছাড়াই তাদের ছবি ব্যবহার করে একতরফা প্রচারণা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
খোকন বলেন, তার বিরুদ্ধে আনা একটি অভিযোগও প্রমাণ করতে পারলে দলের যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

