সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের এক নেতাকে দলীয় পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতা হলেন মোহাম্মদ ফিরোজ শাহ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১২ নম্বর বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সংগঠনের নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুসারে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফিরোজ শাহকে তাঁর স্ত্রী দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করলে তা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাংগঠনিক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। অভিযোগের বিষয়ে চলমান তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া দলটির সব পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও শুভানুধ্যায়ীদের এ সাংগঠনিক সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

