বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বর্ষাবরণ ১৪৩৩ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতন।
দেড় ঘণ্টাব্যাপি অনুষ্ঠানে নজরুলসংগীত, হাসন ও লালনগীতি, লোক ও ফোকসংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। অনুষ্ঠানে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত শিল্পী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ ছড়া ‘ভোর হলো’ এবং ‘সংকল্প’ আবৃত্তি করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল এবং নাট্যকার মাসউদ জামান। সাংস্কৃতিক পর্বে সংগীত ও অন্যান্য পরিবেশনায় অংশ নেন শিল্পী রিয়া, সঞ্জয়, খোকা, কেয়া, অরণ্য, বাণী, স্বস্তিকা, মিথিলা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় বিশ্বাস।

