তালা সংবাদদাতা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ অনুদান কর্মসূচির আওতায় তালা উপজেলায় উপকারভোগীদের মাঝে নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় উপকারভোগীদের সুবিধার্থে চেক বিতরণ কার্যক্রম দুটি স্থানে সম্পন্ন করা হয়। এর মধ্যে বেলা ১১টায় তালা এমপি কার্যালয়ে এবং বেলা সাড়ে ১২টায় পাটকেলঘাটা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপকারভোগীদের হাতে চেক তুলে দেয়া হয়।
এ কর্মসূচির আওতায় ৪০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকার নগদ অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শুরা সদস্য ও সাংবাদিক অধ্যাপক ইয়াছীন আলী সরদার, অ্যাডভোকেট মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

