শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ সামিউল পাটোয়ারীর সাথে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি সামিউল পাটোয়ারী।
সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতা, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আফজালুর রহমান, এম. কামরুজ্জামান, হুসাইন আফতাব ও হাজী মুরাদ প্রমুখ।
ওসি সামিউল পাটোয়ারী শ্যামনগর থানাকে জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
সভায় থানার এসআই বিপ্লবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

