বাংলার ভোর প্রতিবেদক
মামলা করে টাকা না দিয়ে উল্টো আইনজীবীকে হুমকি দেয়ার ঘটনায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম বিরুদ্ধে প্রেসক্লাব যশোরে অভিযোগ দেয়া হয়েছে। বুধবার আইনজীবী মুক্তাদিরুল হক এই অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকার হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম কয়েকদিন আগে অ্যাড. মোক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে আদালতে একটি মামলা করবেন বলে জানান।
এ সময় মামলার করার খরচ বাবদ আইনজীবীর ১০ হাজার টাকা মৌখিক চুক্তি হয়। গত ৬ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীমের আইনজীবী হিসেবে মামলাটি দাখিল করেন মুক্তাদিরুল।
এদিন শামীম আইনজীবীকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দিবেন বলে জানিয়ে চলে যান। বেশ কয়েকদিন অতিবাহিত হলেও শামিম টাকা না দেয়ায় আইনজীবী তার কাছে বাকি ৯ হাজার টাকা চান।
এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীকে জীবননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। এই ঘটনায় বুধবার প্রেসক্লাব যশোরের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর তিনি এ অভিযোগ দিয়েছেন।

