মাগুরা সংবাদদাতা :
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
এ সময় তিনি শহীদ রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে রাব্বির স্ত্রী তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার সকাল ১১টার দিকে মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বারুনাতৈল কবরস্থানে গিয়ে তিনি শহীদ রাব্বির কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাশেদ খাঁন বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে ফেরা তো দূরের কথা, শেখ হাসিনার কবর ছোঁয়ার মতো সাহস আওয়ামী লীগের কারও নেই।
এ রকম অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। দলটির অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও কিছু দোসর এখনো দম্ভ দেখাচ্ছে। এসব দোসরকে মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।
রাশেদ খাঁন বলেন, “এই বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। বাংলাদেশে এত বড় গণহত্যার পরও যদি তা নিয়ে রাজনীতি করা হয়, তাহলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।”
এ সময় তিনি শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকালে রাব্বির স্ত্রী তার স্বামীর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
