বাংলার ভোর প্রতিবেদক :
ই-সিগারেট, ভেইপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোটের সহযোগী সংগঠন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা (পিযেএস) ও পোফ।
বুধবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি) মো. তাওমীদ হাসান।
স্মারকলিপি প্রদানকালে প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার (পিযেএস) পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু এবং পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে জনস্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে ই-সিগারেট, ডেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
