কালিগঞ্জ সংবাদদাতা :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
ইউপি সদস্য আব্দুল কাজী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় নাহার বেগম প্রথমে শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ও এস আই নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পুলিশ জানায়, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এদিকে, দুই শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সোনাতলা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শিশু দুটির এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।
