প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির অন্যতম নেতা কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুরের গরভাঙা প্রাইমারি স্কুলে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কমরেড নিজামুদ্দিন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির অন্যতম নেতা সনৎ কুমার হরির সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, কেন্দ্রীয় সদস্য গাজী আব্দুল হামিদ, জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, আবু বক্কার সিদ্দিকী, বাবর আলী গোলদার, অশোক কুমার মন্ডল প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড নিজামুদ্দিন ছিলেন সুবিধাবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী নেতা। মেহনতী, শ্রমজীবী ও কৃষক-খেতমজুর মানুষের স্বার্থ রক্ষায় তিনি আমৃত্যু লড়াই করেছেন। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বার্থবিরোধী বিভিন্ন বাণিজ্য চুক্তির ফলে কৃষি ও কৃষকের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে। সারসহ কৃষি উপকরণের সংকট ও মূল্যবৃদ্ধিতে কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন।
এর ফলে দেশের কৃষি ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তারা কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধেও কমরেড নিজামুদ্দিন দৃঢ় অবস্থান নিয়েছিলেন। পরিবেশ, কৃষি, জমি ও সাধারণ মানুষের জীবন-জীবিকার স্বার্থে তাঁর সংগ্রামী ভূমিকা আজও স্মরণীয়। শোকসভায় বক্তারা কমরেড নিজামুদ্দিনের অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেয়া এবং মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
