কেশবপুর সংবাদদাতা
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী উপজেলার বিভিন্ন প্লাবিত ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তিনি কেশবপুর পৌরসভা ও পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর, মোল্লাপাড়া, পাথরঘাটাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেন।
পরিদর্শনকালে পানিবন্দি মানুষ তাদের দুর্ভোগের কথা তুলে ধরে স্থায়ী পানি নিস্কাশন ব্যবস্থার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত মৎস্যঘেরের বেড়িবাঁধ এবং প্রাকৃতিক খাল-নালার স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করায় প্রতিবছরই এই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা হরিহর নদসহ অন্যান্য খাল পুনঃখনন ও টেকসই পরিকল্পনার দাবি জানান।
সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, “দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া হবে।” তিনি একই সাথে হরিহর নদ খননের কারণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন আমির মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
