শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে ছদ্মবেশে অভিনব অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম বাপ্পি মোল্লা (২২)। তিনি নকিপুর গ্রামের বাসিন্দা।
শ্যামনগর থানা পুলিশ জানায়, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এনজিও কর্মীর পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে ক্রেতা সেজে নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গনির বাড়ির পাশের সড়কে অবস্থান নেয়।
বাপ্পি মোল্লা সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে এলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে এবং দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
