বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের কেশবপুরের ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় মিলেছে। তারা স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী কমলাপুর গ্রামের আলেক সরদার (৪৬) ও তার স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
রোববার সন্ধ্যা ৬টার দিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা ও মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী কমলাপুরের মধ্যবর্তী মাঠে একটি ধানক্ষেতের পাশে মেশিনঘরের গর্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আলেক সরদারের বাবার নাম যোবান আলী সরদার ও মায়ের নাম রাজকুমারী বেগম। আর মাজেদা বেগমের বাবার নাম তুরফান আলী সরদার এবং মা শরীফা বেগম। নিহত মাজেদা বেগমের ভাই রবিউল ইসলাম জানান, গত শুক্রবার রাত থেকে তার বোন মাজেদা বেগম ও ভগ্নিপতি আলেক সরদার নিখোঁজ ছিলেন।
তিনি বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও বোন ও ভগ্নিপতির সন্ধান পাইনি। শনিবার গভীর রাতে পুলিশ আমাদের খবর দেয় দুটি মরদেহ পাওয়া গেছে। আমরা গিয়ে শনাক্ত করি নিহত ওই দুইজন আমার বোন মাজেদা বেগম ও ভগ্নিপতি আলেক সরদারের।
রবিউল ইসলাম জানান, তার ভগ্নিপতি পেশায় কৃষক ছিলেন এবং বোন নওয়াপাড়া আকিজ জুট মিলে কাজ করতেন। জানামতে তাদের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জানতে চাইলে যশোরের সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) ইমদাদুল হক বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
