কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরের ঐতিহাসিক সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ঝড়ে মারা যাওয়া দুটি গাছ কোনো ধরনের সরকারি অনুমতি না নিয়েই কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, আমফান ঝড়ে বিদ্যালয় মাঠ ও মসজিদ প্রাঙ্গণের দুটি গাছ উপড়ে পড়ে মারা গিয়েছিল।
গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক গৌতম দত্ত লোক দিয়ে গাছ দুটি কাটান। পরে গাছগুলো বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ছবি ও ভিডিও ধারণ করলে তোপের মুখে পড়ে কর্তৃপক্ষ। পরবর্তীতে গাছগুলো পুনরায় বিদ্যালয়ের সামনে এনে রাখা হয়।
স্থানীয়দের ধারণা, কাটা গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা এবং এগুলো বিক্রির উদ্দেশ্যেই সরিয়ে নেয়া হচ্ছিল।
সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, গাছগুলো দীর্ঘদিন ধরে ঝড়ে পড়ে মরে গেলেও সম্প্রতি গোপনে সেগুলো কেটে বিক্রির পাঁয়তারা চলছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্তের কাছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “জানানো হয়নি।”
তবে অনুমতি না নেয়ার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন বা সিদ্ধান্ত অনুযায়ীই গাছগুলো কাটা হয়েছে, এখানে কোনো অনিয়ম হয়নি।
বিদ্যালয় এডহক কমিটির আহ্বায়ক মেহেরুন্নেসা একই সুরে জানান, গাছগুলো কাটার ব্যাপারে কমিটির সভা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘটনাটি সম্পর্কে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ জানান, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি।
অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
এদিকে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এক অভিভাবক ইকবাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
