কেশবপুর পৌর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে প্রতিবেশীর বাড়িতে যাতায়াত করাকে কেন্দ্র করে বিষ প্রয়োগে ছয়টি দেশি মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় তিন হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার চাঁদড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫২)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামে নজরুল ইসলামের বাড়িতে পালিত কয়েকটি মুরগি খাবারের সন্ধানে মাঝেমধ্যে প্রতিবেশী জাহাঙ্গীর সানার বাড়িতে যেত। এ নিয়ে প্রতিবেশীর পরিবারের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হতো। এমনকি মুরগিগুলো মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন নজরুল ইসলাম।
অভিযোগে বলা হয়, গত ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনে মুরগিগুলোকে লক্ষ্য করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হয়। বিষক্রিয়ায় তার ছয়টি মুরগির মৃত্যু হয়। কয়েকটি মুরগি ঝোপের মধ্যে পড়ে মারা যায়। এ ছাড়া কয়েকটি মুরগি জবাই করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার আনুমানিক তিন হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় প্রতিবেশী জাহাঙ্গীর সানার স্ত্রী রূপা খাতুনকে (৩৫) অভিযুক্ত করেছেন নজরুল ইসলাম। পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তার স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, মুরগিগুলো যেন প্রতিবেশীর বাড়িতে না যায়, সে জন্য তিনি সতর্ক ছিলেন। এরপরও খাবারের প্রলোভন দেখিয়ে বিষ মেশানো খাবার দেয়া হয়েছে বলে তার অভিযোগ।
তিনি বলেন, ‘আমি অর্থের জন্য বিচার চাই না। এভাবে নিরীহ প্রাণী হত্যার সুষ্ঠু বিচার চাই। গৃহপালিত প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের বিচার হওয়া প্রয়োজন।’
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
