চুয়াডাঙ্গা সংবাদদাতা :
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার মাথায় চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ায় জান্নাতুল মাওয়া (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল মাওয়া আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জান্নাতুল মাওয়া। সেখানে তিনি লেখেন, ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে।’ ভোর সাড়ে ৪টার দিকে তার বাবা শরিফুল ইসলামের ঘুম ভাঙলে মেয়ের ঘরে আলো জ্বলতে দেখেন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে জান্নাতুল মাওয়ার মৃত্যুর ঘটনায় সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। সহপাঠীদের অনেকের দাবি, তিনি আত্মহত্যা করার মতো মেয়ে নন। ফেসবুকের স্ট্যাটাসের বিষয়টি সামনে আসায় তার মৃত্যুর পেছনে কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন স্বজন ও সহপাঠীরা।
নিহতের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।’
খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়া নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সদর হাসপাতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় থাকলে তা তদন্ত করে দেখা হবে।
