চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুরাতন কোটচাঁদপুর স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, তুহিনুর রহমান, শাহা আলম, মাওলানা আব্দুল খালেক, আব্দুল আলীম ও মাওলানা রুহুল কুদ্দুসসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার পরও তাদের ষড়যন্ত্র থেমে নেই। পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তাঁরা। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপনে ও প্রকাশ্যে নাশকতার পরিকল্পনা করছেন বলেও দাবি করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের নাশকতা ও উচ্ছৃঙ্খলতা মেনে নেবে না। চৌগাছায় যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
