বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের পালবাড়ি মোড়ে অবস্থিত শাহ সুইটসকে মিষ্টির উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের অনুমোদিত লাইসেন্স না থাকায় নিউমার্কেটের অর্পণ ঘোষ ডেয়ারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিম বিনতে মুস্তাফিজ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক সাব্বির আহমেদ।
অভিযানকালে মিষ্টির উৎপাদনের তারিখ, মেয়াদ ও ওজনের পরিমাণ উল্লেখ করার গুরুত্ব তুলে ধরা হয়। ভোক্তাদের পণ্যের উৎপাদন ও মেয়াদ সম্পর্কে জানার অধিকার রয়েছে উল্লেখ করে ব্যবসায়ীকে এসব তথ্য যথাযথভাবে পণ্যে উল্লেখ করার নির্দেশনা দেয়া হয়। এ সময় আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ওজন ও পরিমাপের মানদণ্ড বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়
এদিকে, সোমবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদিত লাইসেন্স ছাড়াই অর্পণ ঘোষ ডেয়ারি ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।
এ সময় প্রয়োজনীয় অনুমোদিত লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ এবং বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলাম। ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।
