বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ নজরুল ইসলাম তার ওপর হামলা, পেশাগত অসম্মান, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগ এনে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, গত ১৫ মে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনরত অবস্থায় সরকারি পোশাক পরে রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপশহর বি-ব্লক বাজারে একটি চায়ের দোকানে গেলে রনি চৌধুরী তার ভাই বুলবুলের প্রভাব খাটিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় তার সহকর্মী আব্দুল আলিম দফাদারসহ স্থানীয় একাধিক ব্যক্তি প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন তিনি।
নজরুল ইসলাম অভিযোগ করেন, শুধু তাকে নয়, এ ঘটনার মাধ্যমে দেশের সকল গ্রাম পুলিশ সদস্যদেরও অসম্মান করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত রনি চৌধুরী ও বুলবুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্মারকলিপিতে আরও বলা হয়, যশোর হাউজিং কর্তৃপক্ষের সম্পত্তিতে প্রায় ৪০ বছর ধরে বসবাসরত পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রতিবাদ করায় রনি ও বুলবুল বিএনপি নেতা পরিচয়ে তাকে হত্যার হুমকি দিয়েছেন।
এছাড়া, তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

