বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছায় অবৈধভাবে জমি থেকে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিক শাহিনুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার স্বর্পরাজপুর পশ্চিমপাড়ার কাতলাকুড়ো পুকুরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এ এম মুনিব। জরিমানার টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
জরিমানাপ্রাপ্ত শাহিনুর রহমান (৩৬) স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, গত ৮ নভেম্বর থেকে তিনি নিজের জমি থেকে মাটি ও বালু কেটে বিক্রি করছেন। এতে জমিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষক লাল্টু জানান, চার-পাঁচ দিন ধরে শাহিনুর নিজের জমি থেকে মাটি ও বালু কেটে বিক্রি করছেন। তাকে নিষেধ করেও কোনো লাভ হয়নি।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ বলেন, ওই এলাকায় চারপাশে কৃষিজমি রয়েছে। অবৈধভাবে মাটি কাটার কারণে আশপাশের জমির মালিক ও কৃষকেরা ক্ষতির মুখে পড়তে পারেন।
এ বিষয়ে শাহিনুর রহমান বলেন, পাশের একটি জায়গা ভরাট করার জন্য তিনি মাটি কেটেছিলেন। পরে অন্য জায়গা থেকে মাটি এনে ওই কৃষিজমি ভরাট করে দেবেন।
অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক বিপ্লব (৩২) পালিয়ে যান। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জমির মালিককে জরিমানা করা হয়।
