চৌগাছা সংবাদদাতা
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির আগে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক মাস্টার রোহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিস্কার করতে হবে।
বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেকোনো স্থানে পানি জমতে দেয়া যাবে না।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তাসংবলিত প্রচারপত্র ও ব্যানার প্রদর্শন করা হয়। এতে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’, ‘জমে থাকা পানিতে মশার লার্ভা নাশ করুন’, ‘পাত্রে পানি ঢেকে রাখুন’, ‘মশারি ব্যবহার করুন’ এবং ‘পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন’-এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ র্যালিতে অংশ নেন।
