বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত জুয়েল রানা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার মুক্তদা মোড়ে রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্ত ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫/৬ জন তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
মারধরের ঘটনায় জুয়েল রানার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এছাড়া তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২৫ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, রাজনৈতিক বিরোধ নিয়ে জুয়েল রানা নামে একজন নিহত হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করার কাজ করছেন।

