জীবননগর সংবাদদাতা :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালি সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১ টা ৪০ মিনিটে বর্ডারগার্ড বাংলাদেশ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানিয়েছে, জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারীকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করার হয়েছে।

