ঝিকরগাছা সংবাদদাতা
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে ঝিকরগাছা উপজেলার ৫৯ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে ৫১ টি এবং পৌর এলাকায় ৮ টি পূজা মন্ডপে শুক্রবার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা ইতিমধ্যেই মাঠে নেমেছেন।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের ব্যাপারে উপজেলা বিএনপি ১১ টি ইউনিয়ন এবং পৌরসভায় কার্যকরী ভূমিকা পালন করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল আলীম জানান, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন এটা হলো নাগরিক অধিকার।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে পুলিশ ৫৯ পূজা মন্ডপে তৎপর থাকবেন।
ঝিকরগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি দত্ত জানান, এবারের উৎসবে সরকার এবং স্থানীয় প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা এ ব্যাপারে খুব খুশি। আমাদের পরিষদ সমগ্র পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য টি-শার্ট বিতরণ করেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ঝিকরগাছা উপজেলার সভাপতি দুলাল অধিকারী জানান, শারদীয় দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক দল সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
