বাংলার ভোর প্রতিবেদক :
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় দুই হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তারা সাত জেলার ৩৭টি উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং শহরাঞ্চলের ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এ জন্য স্থাপন করা হয়েছে ৫৮টি বেইজ ক্যাম্প।
বিজিবি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে ১৬ অক্টোবর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বিশেষ নজরদারি করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলায় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরসহ সাত জেলার নির্ধারিত এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
