নড়াইল সংবাদদাতা :
নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সাজাপ্রাপ্তরা হলেন, নড়াইল সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সালাউদ্দিন খান মান্না (২৯), আকাশ খান (২৯), চয়ন মোল্যা (২১) এবং ডুমুরতলা গ্রামের শাওন মোল্যা (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে ডিএনসির একটি দল সদর উপজেলার দুর্গাপুর এলাকার সালাউদ্দিন খান মান্নার নিজ বসতঘর এবং দুর্গাপুর রেলব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় সালাউদ্দিন খান মান্নার কাছ থেকে ৪ পিস, শাওনের কাছ থেকে ২ পিস, আকাশের কাছ থেকে ২ পিস, চয়নের কাছ থেকে ২ পিস ইয়াবা এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে পরিদর্শক মো. আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিন আসামিদের ভ্রাম্যমাণ আদালতে তুলে মামলায় প্রসিকিউশন দাখিল করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ অপরাধের ভিত্তিতে আসামি সালাউদ্দিন খান মান্নাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, শাওন মোল্যাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, আকাশ খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং আসামি চয়ন মোল্যাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার গণমাধ্যমকে বলেন, আটক আসামিদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
