নড়াইল সংবাদদাতা :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার তুলারামপুর ইউনিয়নে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার এবং ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু।
বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় নড়াইলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
