বাংলার ভোর প্রতিবেদক :
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে যশোর নগর বিএনপি।
শনিবার বিকেলে শহরের চারখাম্বার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মণিহার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃৃন্দ বলেন, যশোরসহ সারাদেশের শান্ত সৃষ্ট পরিবেশ যারাই ঘোলাটে করার পাঁয়তারা করবে, তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার কঠোর হুশিয়ারি দেন।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
বিদেশে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে বোমা ফাটিয়ে শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মাহতাব নাসির পলাশ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।
