বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রোববার বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ সেপ্টেম্বর (সোমবার) ও প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর মঙ্গলবার। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ও প্রবীণ সাংবাদিক দৈনিক প্রভাতফেরি পত্রিকার সম্পাদক ফকির শওকত। ফলে সভাপতি পদে দুই অভিজ্ঞ সাংবাদিকের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে।
সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন। এ দুটি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন তিনজন। এরা হলেন নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু।
যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী মনোনয়নপত্র জমা দেন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এদিকে কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফলে এ দুটি পদেও তাদের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওয়াহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস এম সোহেল এবং সফিকুল আলম (সফিক সাঈদ)। উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
