খাজুরা সংবাদদাতা :
বর্ণাঢ্য আয়োজনে যশোরের বাঘারপাড়ার গাইদঘাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গাইদঘাট ক্রীড়া ফেডারেশন আয়োজিত এ টুর্নামেনেন্টের মাধ্যমে দীর্ঘদিন পর ফুটবলপ্রেমীদের ঢলে প্রাণ ফিরে পায় বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
বাঘারপাড়া-শালিখা উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ দর্শক শনিবার উদ্বোধনী খেলা দেখতে হাজির হন।
এতে প্রতিদ্বন্দ্বিতা করে যশোরের ইছালী ইউনিয়নের জগমোহন ফুটবল একাদশ ও বাঘারপাড়া ফুটবল একাদশ।
বিকেল সাড়ে ৪টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুর রহমান মিন্টু।
এ সময় নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মানিক মিয়া, টুর্নামেন্টের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, সহসভাপতি রাজু আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক হিরু আহম্মেদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন বিকেল পৌনে পাঁচটায় রেফারি বাদশা ফয়সালের বাঁশিতে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ গোল শূন্য হওয়ায় টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে যশোরের ইছালী ইউনিয়নের জগমোহন ফুটবল একাদশ ৪-২ গোলে বাঘারপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে।
